দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম এক হাজার ৯২৫ টাকা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
রবিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত শনিবার সকালে বাজুস ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দেয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়। তবে ওই ঘোষণার মাত্র ১১ ঘণ্টা পর রাতে আবার ভরিতে ৪ হাজার ৮২ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা রবিবার থেকে কার্যকর হয়। একদিনের ব্যবধানে দাম কমানো ও বাড়ানোর পর এবার আবার স্বর্ণের দাম কমানো হলো।
নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের পাশাপাশি অন্যান্য ক্যারেটের দামও কমানো হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম এক হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শনিবার ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ ঘোষণায় সেই দাম থেকে আবার কমানো হলো।
-সাইমুন










