শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি শনিবার নকলা নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় ঘটে।
নিহতরা হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মুন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে নালিতাবাড়ীর দিকে আসা অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পাথর ও বালু রাখা থাকায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
-জাফর আহাম্মদ,নালিতাবাড়ী (শেরপুর)










