ফটিকছড়িতে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার, নিখোঁজ মোটরসাইকেল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রক্তছড়ি চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার পাশ থেকে মুজিবুর রহমান (২৮) নামের এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত মুজিবুর রহমান ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার কৃষক নুরুল আলমের ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে কোথাও যাওয়ার পথে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে মারধর করে হত্যা করা হয়েছে। ঘটনাটি শনিবার রাতে ঘটে থাকতে পারে বলে তিনি মনে করেন।

মোটরসাইকেল চালক পিয়ারু জানান, মুজিব খুব ভালো ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার সঙ্গে কারও বিরোধ বা ঝগড়ার কথা শোনা যায়নি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে নিজের অনটেস্ট মোটরসাইকেলটি মেরামত শেষে নিয়ে যায়।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, “একজন মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

-এমইউএম