ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হয়ে উঠবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে তেহরান সরকার আরও সাহসী ও আগ্রাসী হয়ে উঠবে—এমন সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। ওয়াশিংটনে একাধিক গোপন বৈঠকে তিনি এই বার্তা দেন বলে সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সূত্রগুলোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দীর্ঘদিনের হুমকি বাস্তবায়ন করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেন, তবে তা ইরানকে কৌশলগতভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। তবে প্রকাশ্যে সৌদি আরব এখনো উত্তেজনা বৃদ্ধির বিপক্ষে অবস্থান বজায় রেখেছে এবং কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলছে।

এর মাত্র কয়েক সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানে হামলার সম্ভাব্য পরিণতি নিয়ে ট্রাম্পকে উদ্বেগ জানিয়েছিলেন। সেই সতর্কতার কারণেই তখন হামলার সিদ্ধান্ত পিছিয়ে যায় বলে জানা যায়।

ওয়াশিংটন সফরে খালিদ বিন সালমান হোয়াইট হাউসে মার্কিন শীর্ষ নিরাপত্তা ও পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান ও তার আঞ্চলিক প্রভাব।

যদিও সৌদি আরব প্রকাশ্যে জানিয়েছে, তারা ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং কোনো হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না, তবে পর্দার আড়ালে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ছিল অনেক বেশি কড়া।

একাধিক সূত্রের মতে, খালিদ বিন সালমান মনে করেন-এই মুহূর্তে হামলা না হলে ইরান শুধু শক্তিশালীই হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো কার্যকর আলোচনা না থাকায় অঞ্চলজুড়ে অনিশ্চয়তা বাড়ছে। মার্কিন কর্মকর্তারাও স্বীকার করছেন, দুই পক্ষের অবস্থানের মধ্যে আপাতত কোনো সমঝোতার ইঙ্গিত নেই।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তবে তার কৌশলগত সুফল পেতে পারে তেহরানই-এমন আশঙ্কাই এখন প্রকাশ পাচ্ছে সৌদি নেতৃত্বের ভেতর থেকে।

বেলাল হোসেন/