ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, ভবনের দুটি তলা ধ্বংস

ছবিঃ সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের অন্তত দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের কয়েকটি দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ইরানের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

উল্লেখ্য, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে দমন-পীড়নের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও জোরদার করা হয়েছে।

এই প্রেক্ষাপটেই বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

খবরঃ সংগৃহীত

বেলাল হোসেন/