জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
শনিবার দুপুরে রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে। অর্থাৎ পুরুষরা মহিলাদের বুথে নিয়ে আসতে পারে। আমি বোরকার প্রতি শ্রদ্ধাশীল আমার মা নিজেও বোরকা পরতেন। কিন্তু বোরকা ব্যবহার করে যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়, সেটা আমরা মেনে নেব না। এটা প্রতিরোধ করতে হবে।”
তিনি বলেন, বিএনপি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সরকার ও নির্বাচন কমিশনের কাছে দেশবাসী একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে। তবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় ১২ ঘণ্টার বেশি সময় লাগলে সেটিকে সন্দেহজনক বলে মন্তব্য করেন তিনি। বলেন, “এতে অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়। কোনোভাবেই জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না।”
দেশ ও জাতির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, দেশ এখন একটি অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “ভালো আছি না খারাপ আছি এটা ব্যাখ্যার বিষয়। আমার ব্যাখ্যায়, শেখ হাসিনার সময় আমরা যে অবস্থায় ছিলাম, এখন সেখানে নেই। এক জায়গায় ভালো আছি পুলিশ এখন আর উপদ্রব করে না। এই একটি দিক ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা ভালো নেই।”
অনেকে মনে করেন ২৪ তারিখেই সবকিছু হয়ে গেছে এমন ধারণার সমালোচনা করে তিনি বলেন, “তাহলে প্রশ্ন আসে, ১৭ বছর আমরা কী করেছি? এই সময়ে পাঁচ হাজার কর্মী গুম হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন, বছরের পর বছর আমরা জেল খেটেছি। আমরা আপনাদের পায়ের নিচের মাটি শক্ত করেছি।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য একটি সম্পদ। তিনি বলেন, “অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম জীবনে কিছু করতে পারবে না এটাই বাস্তবতা।”
-এমইউএম










