আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জনকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি যাদের আমন্ত্রণ জানিয়েছে, তাদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে— অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে— সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এ-ওয়েব, আইআরআই ও এনডিআই।
ইসি জানিয়েছে, আমন্ত্রিত বিভিন্ন দেশের নির্বাচন কমিশন প্রধান ও প্রতিনিধিদের যাতায়াতের বিমান ভাড়া ছাড়া অন্যান্য যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে। তাদের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেলে আবাসন নিশ্চিত করা হবে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষণিক তথ্যকেন্দ্রের সুবিধা থাকবে।
আমন্ত্রিতদের বাইরেও যেসব বিদেশি পর্যবেক্ষক বা গণমাধ্যম নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণে আসতে চান, তাদের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিবর্গ বা সংস্থাকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন সম্পন্ন করতে হবে।