বুরকিনা ফাসোতে সব রাজনৈতিক দল বিলুপ্ত, সামরিক সরকার নিলেন দৃঢ় সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক সমর্থিত সরকার সব রাজনৈতিক দল ও সংগঠন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করেছে। দেশটির মন্ত্রিসভা বৃহস্পতিবার এক ডিক্রি অনুমোদন করে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে কার্যক্রম স্থগিত থাকা সব দল এবং রাজনৈতিক গঠন রাষ্ট্রের মালিকানায় যাবে।

সরকারি সূত্রে জানা গেছে, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় ‘ব্যাপক অপব্যবহার ও অকার্যকারিতা’ চলছিল। স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জার্বো জানান, রাজনৈতিক দলের অতিরিক্ত সংখ্যা দেশে বিভাজন বৃদ্ধি করেছে এবং সামাজিক সংহতি দুর্বল করেছে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো, যখন বুরকিনা ফাসো আল-কায়েদা ও আইএস-সংক্রান্ত সশস্ত্র বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে এবং ভিন্নমত দমনের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে। ২০২৪ সালে সরকার ইন্টারনেট ও আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সীমিত করেছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে সামরিক অভ্যুত্থারের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ক্ষমতা নেওয়ার পর দেশটি সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিরাপত্তা সহযোগিতার জন্য রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে।

বর্তমানে বুরকিনা ফাসো প্রতিবেশী মালি ও নাইজারের সঙ্গে জোট বেঁধে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস (এইএস)’ গঠন করেছে, যার লক্ষ্য অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোরদার করা।

বেলাল হোসেন/