পশ্চিম সুদানের দারফুর অঞ্চলের দুটি শহরে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার এতটাই বেড়েছে যে, দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, সামরিক সংঘর্ষ এবং অস্থিরতার কারণে ব্যাপক ক্ষুধার্ত পরিস্থিতি তৈরি হয়েছে।
সম্প্রতি ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর দারফুরের উম বারু ও কার্নোই এলাকায় শিশুদের তীব্র অপুষ্টির হার প্রায় দুগুণ বেড়েছে। উম বারুতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৫৩ শতাংশই তীব্রভাবে অপুষ্ট, যা দুর্ভিক্ষের সীমার চেয়ে অনেক বেশি। কার্নোইতে প্রায় এক-তৃতীয়াংশ শিশু এই সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, আশেপাশের অন্যান্য এলাকাতেও এই ধরনের বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে। এই সতর্কবার্তা প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারির তথ্যের ভিত্তিতে।
গত বছর, দারফুরের রাজধানী এল-ফাশার এবং দক্ষিণ করডোফানের সদর দপ্তর কাদুগলি-তেও দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হয়। এল-ফাশার, যা দীর্ঘ সময় সুদানের সেনাবাহিনীর শেষ কড়া শক্তি হিসেবে পরিচিত ছিল, অক্টোবর মাসে র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দখলে চলে যায়।
সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনা ও আরএসএফ -এর মধ্যে চলা সংঘর্ষে লাখ লাখ মানুষ বঞ্চিত ও বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ১১ মিলিয়ন মানুষ বসতি হারিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে খাদ্য সঙ্কট ও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।
– বেলাল হোসেন










