নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার

নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম ও মাটির ব্যাংক উপহার দিয়েছেন ভোটাররা। ঘটনাটি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এক নারী ভোটার ডিম উপহার দেন। একই সময় আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে জমানো নিজের মাটির ব্যাংকটি প্রার্থীর হাতে তুলে দেন।

ভোটাররা জানান, এই উপহারগুলো শুভেচ্ছা প্রকাশের পাশাপাশি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন কামনার প্রতীক। কোনো নেতিবাচক ইঙ্গিত নয়, বরং প্রার্থীর প্রতি ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ হিসেবেই তারা এ উপহার দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে ওই নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমভর্তি একটি ব্যাগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার মাটির ব্যাংক উপহার দেন। এ সময় আশপাশে থাকা মানুষজনের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে এ ধরনের প্রতীকী ও ব্যতিক্রমী উপহার নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটাররা নানা ধরনের অনন্য উপহার দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। নেতাকর্মীদের মতে, এসব ঘটনা নির্বাচনী পরিবেশকে আরও মানবিক ও রঙিন করে তোলে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়।

-এমইউএম