নাম্বার ওয়ানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন ‘রানি’ রিবাকিনা

শেষ সেটে দুইবার ব্রেক করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন জন্মসূত্রে রুশ, তবে কাজাখস্তানের প্রতিনিধিত্বকারী এই তারকা।

এটাই রিবাকিনার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। বিশ্বের পাঁচ নম্বর র্যাংকিংধারী এই খেলোয়াড় এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। ২৬ বছর বয়সে তিন বছরেরও বেশি সময় পর নিজের ট্রফি ক্যাবিনেটে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম যোগ করলেন তিনি।

অন্যদিকে, ২০২৩ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে টানা দুইবার শিরোপা জয়ের পর এবার ফাইনালে হারের স্বাদ পেলেন সাবালেঙ্কা।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রিবাকিনা। ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। তবে সহজে হার মানেননি সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে একই ব্যবধানে ৬-৪ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান।

নির্ধারণী তৃতীয় সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন রিবাকিনা। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায় করে নাটকীয়ভাবে ম্যাচে ফিরেন তিনি এবং ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

-এমইউএম