বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করলেন কেন তিনি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার বিনয়ী আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজনদের প্রশংসায় ভাসছে।
গত ২৯ জানুয়ারি আকাশি রঙের হুডি ও জিন্স পরে বিমানবন্দরে পৌঁছালে এক নিরাপত্তাকর্মী তাকে নিয়ম অনুযায়ী সানগ্লাস খোলার অনুরোধ করেন। সাধারণত বড় তারকাদের ক্ষেত্রে এমন পরিস্থিতিতে বিরক্তি প্রকাশ করতে দেখা গেলেও, শাহরুখ সম্পূর্ণ শান্ত থেকে হাসিমুখে সহযোগিতা করেন। তল্লাশি শেষে ওই নিরাপত্তাকর্মীর কাঁধে হাত রেখে সৌজন্য বিনিময় করে তিনি ভেতরে প্রবেশ করেন। এই ছোট্ট কিন্তু দায়িত্বশীল আচরণটি আবারও বুঝিয়ে দিয়েছে যে, আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি নিয়মের প্রতি কতটা শ্রদ্ধাশীল।
পেশাগত জীবনেও বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন কিং খান। তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের উত্তজনা এখন তুঙ্গে। এই সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলারে আরও দেখা যাবে অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও দীপিকা পাডুকোনের মতো তারকাদের। ৪০০ কোটি রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলেই ধারণা করা হচ্ছে।
বিথী রানী মণ্ডল/










