গবেষণা বাড়াতে ২০২৬-২৭ সেশনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপে (টিআইজিপি) পিএইচডি আবেদনের সুযোগ দিচ্ছে দেশটির শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয় ও একাডেমিক সিনিকা।
একাডেমিক সিনিকা ও তাইওয়ানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত এই স্কলারশিপে ইংরেজি মাধ্যমে গবেষণার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। এই বৃত্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো আবেদনের জন্য কোনো ফি প্রয়োজন হবে না। মূলত ১৪টি বিশেষায়িত গবেষণা ক্ষেত্রে মেধাবীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে আনুমানিক ১ হাজার ২৫০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বেশি) ভাতা পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ন্যানো সায়েন্স, বায়োমেডিসিন এবং আর্থ সিস্টেম সায়েন্সের মতো অত্যাধুনিক ১৪টি বিষয়ে এখানে গবেষণার সুযোগ রয়েছে। প্রথম বছরের সাফল্যের ওপর ভিত্তি করে এই ভাতার মেয়াদ পরবর্তী বছরগুলোতেও বৃদ্ধি করা হবে।
চীন, তাইওয়ান ও হংকং ব্যতীত বিশ্বের যেকোনো দেশের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। তবে যাদের পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে ছিল, তাদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য।
আগ্রহীদের পাসপোর্টের কপি, একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তিনটি সুপারিশপত্র (LOR), সিভি, স্টেটমেন্ট অব পারপাস এবং থিসিসের সারসংক্ষেপ অনলাইন পোর্টালে আপলোড করতে হবে।
মালিহা










