ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
কর্নেল আবুল এহসান বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারা দেশে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলাভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখা যাচ্ছে না। বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনে কোনো অবস্থাতেই লেথাল ওয়েপন ব্যবহার করা হবে না।
-এমইউএম










