আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারাদেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না এলেও কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন থেকে দেশের রাতের তাপমাত্রা পর্যায়ক্রমে সামান্য বাড়তে পারে।
এদিকে, সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের কিছু এলাকায় মেঘলা আবহাওয়া ও কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করতে পারে।
মালিহা










