চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সেলোনায় থাকছেন ফার্মিন লোপেজ

লা মাসিয়ায় ফুটবলের হাতেখড়ি নেওয়া ফার্মিন লোপেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। শুক্রবার (৩০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

২০২৪ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে প্রথম চুক্তি করেছিলেন ফার্মিন, যার মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, বেতন বৃদ্ধি ও পারফরম্যান্সভিত্তিক বোনাস যুক্ত করে সেই চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই ফার্মিন লোপেজকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়ে আসছিল ইংলিশ ক্লাব চেলসি। তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুতেই নিজের ভবিষ্যৎ দেখছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

২০১৬ সালে রিয়াল বেতিস ছেড়ে ১৬ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেন ফার্মিন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২৬ ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ১৮টিতেই ছিলেন শুরুর একাদশে। ২০২৫–২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি রেখেছেন ২১টি গোল অবদান—নিজে করেছেন ১০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ফার্মিনের চেয়ে বেশি গোল অবদান রয়েছে কেবল লামিনে ইয়ামালের, যিনি করেছেন ১২ গোল ও ১২ অ্যাসিস্ট।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এ মৌসুমে গোল ও অ্যাসিস্ট—দুটিতেই দুই অঙ্কে পৌঁছানো মাত্র চারজন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ফার্মিন লোপেজ ও লামিনে ইয়ামাল। বাকি দুজন বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজ (১৪ গোল, ১১ অ্যাসিস্ট) ও মাইকেল ওলিসে (১৬ গোল, ২০ অ্যাসিস্ট)।

-এমইউএম