রূপগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলনেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই সহযোগী সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আজাহার (৪৫)। তিনি নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আসন্ন দলীয় কর্মসূচি নিয়ে ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বৈঠক চলছিল। বৈঠক চলাকালে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজিবের সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আজাহারসহ যুবদল সংশ্লিষ্ট কয়েকজনকে মারধর করেন। এতে আজাহার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম জানান, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম বাদল,নারায়ণগঞ্জ