সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মাস্টারপাড়ার বাসিন্দা, মৃত ইউসুফ মোল্ল্যার পুত্র মোল্ল্যা ইমরান হোসেন (৬২) ক্রয়কৃত একটি পরিবহনের মূল কাগজপত্র চাইতে গিয়ে হুমকি ও অশালীন ভাষার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানার বাজার গ্রামের শেখ গোলাম রহমানের পুত্র শেখ ইকবাল কবির (পলাশ)-এর নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডায়েরি নম্বর ১৮৩৮, তারিখ ২৯ নভেম্বর ২০২৫।
ঘটনার বিষয়ে মোল্ল্যা ইমরান হোসেন জানান, কালিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা ও এম আর কোম্পানির স্বত্বাধিকারী শেখ ইকবাল কবির পলাশ একটি এসি স্লিপার বাস বিক্রির প্রস্তাব দিলে তিনি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আলোচনা সাপেক্ষে বাজারমূল্য অনুযায়ী এফিডেভিটের মাধ্যমে তিনি বাসটি ক্রয় করেন।
তিনি জানান, ক্রয়কৃত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৮৭৮, ইঞ্জিন নম্বর LBBZ405961 এবং চ্যাসিস নম্বর MBIPREPDILEB5148।
মোল্ল্যা ইমরান আরও বলেন, বাসের মূল কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বিভিন্ন সময় তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন বিবাদী। এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটে শহরের নিউমার্কেট এলাকায় শেখ ইকবাল কবির পলাশের সঙ্গে সাক্ষাৎ হয়। সে সময় ক্রয়কৃত এসি স্লিপার বাসের প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দিবালকে অকথ্য ভাষায় কথা বলেন ও হুমকি দেন।
পরবর্তীতে নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় উপস্থিত হয়ে বিবাদীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।
মোল্ল্যা ইমরান হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে এম আর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল কবির পলাশের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা/










