সাভারের রাজাশন–আকরাইন সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা–পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহারের জন্য রাখা দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাজাশন–আকরাইন আঞ্চলিক সড়কের কালিয়াকৈর এলাকার একটি বাঁশঝাড়ে কয়েকজন ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার পৌর এলাকার রাজাশন গ্যারেজ মহল্লার তোফাজ্জলের ছেলে সানি মিয়া (৩৫), বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আবদুল মালেকের ছেলে রাসেদ মিয়া (৩২), একই এলাকার হানিফ মিয়ার ছেলে মাসুদ রানা (৩১), আবুল হাসেমের ছেলে রিপন মিয়া (৩৩), সামাইর এলাকার চান মিয়ার ছেলে শাহিন মিয়া (৩১), তেঁতুলঝড়া ইউনিয়নের পূর্বহাটি উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাবান মিয়া (২৩), একই এলাকার আবু মিয়ার ছেলে নুর নবী (২৭) ও উত্তর মেটকা এলাকার হাছেনের ছেলে ইমন মিয়া (২৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে দুইটি রামদা, একটি ধারালো ছুরি ও তিনটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। ডাকাতরা সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ভোরে একই সড়কের কালিয়াকৈর এলাকায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ধারালো অস্ত্র হাতে কয়েকজন ডাকাত একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত চলে যান। এ সময় ডাকাতদের হামলায় গাড়ির কাচ ভেঙে যায়।
-সাইমুন










