কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জোটের সমঝোতায় এখানে সমর্থন দেওয়া হয়েছে জামায়াত প্রার্থী রোকন রেজা শেখকে। কিন্তু জোট ও দলের সিদ্ধান্ত অমান্য করে খায়রুল ইসলাম ঠাকুর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। ফলে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাসান জুনাইদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোদায়েতুল্লাহ হাদী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ১১ দলীয় জোট থেকে জামায়াত প্রার্থীকে সমর্থন দেওয়ার পর দল থেকে খায়রুল ইসলাম ঠাকুরকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি নির্দেশ অমান্য করায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদিকে খায়রুল ইসলাম ঠাকুর জানান, তিনি বহিষ্কারের নোটিশ পাননি। তবে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ করতে হবে। তা করা হয়নি। নির্বাচনে থাকার বিষয়ে প্রশ্ন করলে বলেন, ‘আমি নির্বাচনে আছি, থাকবো ইনশাআল্লাহ’।
-সাইমুন










