নির্বাচনে সহিংসতা ঠেকাতে সব বাহিনীকে নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করা যায় এবং সবাই যেন সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে—এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে, সে জন্য সব বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, কোনো জায়গায় ব্যালট বক্স (বাক্স) ছিনতাইয়ের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার কিংবা দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কেউই দায় এড়াতে পারবেন না।

প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার প্রশাসন নির্দ্বিধায় সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে। তারা কোনো দলের পক্ষে কাজ করবে না, কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না এবং কারও প্রতি পক্ষপাত দেখাবে না। সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে।”

-এমইউএম