সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মামলা দুটি করেন।

দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এজাহারে বলা হয়, মিরাজুল ইসলামের নামে ৯৯ কোটি ১২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তিনি জালিয়াতি করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে ৯টি ব্যাংকের বিভিন্ন শাখার হিসাবে ২ হাজার ৬৯১ কোটি ৪৪ লাখ টাকা জমা করেন এবং পর্যায়ক্রমে তোলেন ২ হাজার ৬৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেড, ইফতি এন্টারপ্রাইজ ও সাউথ বাংলা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মিরাজুল। তাঁর নামে জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকানসহ ৩৬ কোটি ৭৩ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। বিভিন্ন ব্যাংকে সঞ্চয়, ব্যবসার মূলধন, কোম্পানির শেয়ারে বিনিয়োগ, ৯টি গাড়িসহ ৮৭ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। তাঁর পারিবারিক ব্যয় ২৯ কোটি ৪৯ লাখ টাকা। ৯৯ কোটি ১২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে তিনি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে মিরাজুলের স্ত্রী আসামি শামীমা আক্তারের বিরুদ্ধে ২৪ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়।

তিনি মেসার্স শিমু এন্টারপ্রাইজের মালিক। তাঁর বিরুদ্ধে এলজিইডির নিযুক্ত ঠিকাদার হিসেবে প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করার তথ্যপ্রমাণ রয়েছে। শিমু এন্টারপ্রাইজের নামে খোলা ব্যাংক হিসাবে ১২২ কোটি ৭৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন শামীমা, যা আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

-সাইমুন