ফুলগাজী সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলগাজী সদর ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, ইসমাইল ভূঁইয়া টিপু, কফিল উদ্দিন পাটোয়ার ও মোহাম্মদ ফারুক ভূঁইয়া। এছাড়া ফুলগাজী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবঘোষিত কমিটির মধ্যে ১নং ওয়ার্ড মনতলায় ৩৯ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল আমিন রাশেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি সুমন। ২নং ওয়ার্ড গাবতলায় ৪৫ সদস্যের কমিটিতে সভাপতি ইদ্রিসের রহমান পিন্টু ও সম্পাদক সোলেমান মারুফ দায়িত্ব পেয়েছেন। ৩নং ওয়ার্ড নিলক্ষিতে ৪০ সদস্যের কমিটিতে সভাপতি আজমির হোসেন এবং সম্পাদক ওমর ফারুক স্বপন নির্বাচিত হয়েছেন। ৪নং ওয়ার্ড গোসাইপুরে ৩২ সদস্যের কমিটির সভাপতি মো. মিলন ও সম্পাদক আব্দুল হাকিম। ৫নং ওয়ার্ড শ্রীপুরে ৪৪ সদস্যের কমিটিতে সভাপতি মাহবুবুল হক এবং সম্পাদক মো. মহিম দায়িত্ব পালন করবেন।

এছাড়া ৬নং ওয়ার্ড বাশুড়ায় ৩৬ সদস্যের কমিটির সভাপতি মো. তারেক ও সম্পাদক খুরশিদ আলম, ৭নং ওয়ার্ড ঘনিয়ামোড়া ও জয়পুরে ৩২ সদস্যের কমিটির সভাপতি মো. রবিন এবং সম্পাদক রবিন, ৮নং ওয়ার্ড দৌলতপুরে ৩২ সদস্যের কমিটির সভাপতি আব্দুল কাদের ও সম্পাদক মো. জাফর এবং ৯নং ওয়ার্ড উত্তর বরইয়া ও বিজয়পুরে ৩৩ সদস্যের কমিটির সভাপতি কাজী মো. শাহিন ও সম্পাদক মো. মজিদ দায়িত্ব পেয়েছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, যুবদল বিএনপির অন্যতম ভরসার সংগঠন। তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে ওয়ার্ডভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটিগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ নেতৃত্বের বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন। নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ দলীয় আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

জহিরুল ইসলাম রাজু, ফেনী