নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনে কারও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। তার দেশ নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশি জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আসেন। পরে এগারোটা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে, মার্কিন দূতাবাসের ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।
বৈঠক শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমি সিইসির সঙ্গে খুব ভালো একটি বৈঠক শেষ করেছি। নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত নীতি, প্রস্তুতি এবং পদ্ধতি গ্রহণ করছে। সে সম্পর্কে তিনি (সিইসি) আমাকে অনেক কিছু ব্যাখ্যা করেছেন। সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার আমাকে যে তথ্যগুলো দিয়েছেন, তাতে আমি বেশ আশাবাদী বোধ করছি।
রাষ্ট্রদূত আরও বলেন, গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি, তিনি আমাকে বলেছিলেন যে, তিনি আশা করেন নির্বাচনের দিনটি উৎসবমুখর দিন হবে। আমিও সেই আশা করি। এটি একটি উৎসবমুখর নির্বাচনের দিন যেখানে বাংলাদেশের জনগণ নিজেদের প্রকাশ করতে পারবে এবং অত্যন্ত সফল একটি নির্বাচন হবে। রাষ্ট্রদূত আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল দেখার জন্য আপনাদের সবার মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।
তবে গণমাধ্যমে ব্রিফ করার পর মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি এরই মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।
-জোহা