আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌর শহরের প্রাণকেন্দ্র বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড় মাঠ) সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের একটি নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বিলবোর্ডের পাশে অবস্থিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ৩টার পর দু’জন হেলমেট পরিহিত ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। তারা মোটরসাইকেল থেকে নেমে ধারালো ছুরি দিয়ে বিলবোর্ডটি কেটে ও খুঁচিয়ে ক্ষতিগ্রস্ত করেন। কাজ শেষ করে দ্রুত তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
সকালবেলা বিষয়টি জানাজানি হলে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি এই ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে বলেন: “বিএনপি প্রার্থী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার মতো একজন সাধারণ প্রার্থীর কাছে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত। সেই পরাজয়ভীতি থেকেই তাঁর অনুসারীরা এই ন্যাক্কারজনক ও হিংসাত্মক কাজ করেছে। তবে এমন সহিংস আচরণ করে আমাদের প্রতি মানুষের ভালোবাসা কমানো যাবে না।”
তিনি বক্তব্যের শেষে একটি স্লোগান তুলে ধরে বলেন, “হেরে যাবে তাদের প্রতিহিংসা, জিতে যাবে মোদের ভালোবাসা।”
এদিকে জামায়াত প্রার্থীর এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের দাবি, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৃতীয় কোনো পক্ষ এমন কাজ করে থাকতে পারে। বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্ব এমন কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রশ্নই ওঠে না।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।