দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে ভিন্নধর্মী এক নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মন জয় করছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ। বুধবার (২৮ জানুয়ারি) পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের নয়া বাজারে প্রচারণার সময় তাঁকে ভোটারদের ঘরে ঘরে গিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করতে দেখা গেছে।
পেশায় চিকিৎসক আব্দুল আহাদ নির্বাচনী পথসভা বা শুধু লিফলেট বিতরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রামের হতদরিদ্র মানুষের চিকিৎসা দিচ্ছেন। বুধবার নয়া বাজারে প্রচারণার সময় তিনি বেশ কয়েকজন বয়স্ক ও দুস্থ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এ সময় রোগীদের জন্য পথ্য ও ওষুধও নিশ্চিত করেন তিনি। নির্বাচনী মাঠে একজন এমবিবিএস ডাক্তারকে সরাসরি পাশে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রচারণা শেষে ডা. আব্দুল আহাদ বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনই হচ্ছে আমার এগিয়ে চলার মূল শক্তি। আমি পেশায় চিকিৎসক, তাই রাজনীতির পাশাপাশি সেবাকেই প্রাধান্য দিচ্ছি। মানুষের এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব।”
দিনাজপুর-৫ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে লড়াই করছেন তরুণ এই নেতা। তার এই প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরাও ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। শাপলা কলি প্রতীকের পক্ষে তারা পার্বতীপুর ও ফুলবাড়ীর প্রতি গ্রাম চষে বেড়াচ্ছেন। ডা. আহাদের নির্বাচনী প্রচারণা দলের সদস্যরা জানান, মানুষ শুধু প্রার্থী হিসেবে নয়, একজন ভরসার স্থল হিসেবে ডাক্তার আহাদকে গ্রহণ করছে। ফলে প্রচারণার চেয়ে অনেক ক্ষেত্রে মানুষের সেবাতেই তাদের বেশি সময় ব্যয় করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের মাঠে এমন শিক্ষিত ও পরোপকারী প্রার্থী আসায় এলাকায় নতুন এক আলোড়ন তৈরি হয়েছে।
– শাহজালাল, দিনাজপুর










