জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এই সাইবার হামলায় বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহারের দাবি করেছে দলটি। এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ও বিচার চাইতে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

জামায়াতের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। দলের তথ্য অনুযায়ী, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস (assistantprogrammer@bangabhaban.gov.bd) ব্যবহার করে একটি ‘ফিশিং মেইল’ পাঠানো হয়েছিল। সেখানে ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমিরের অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। গত শনিবার বিকেলে প্রায় ৪৫ মিনিট অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে ছিল এবং সেই সময়েই ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের পরিপন্থী একটি নারীবিদ্বেষমূলক পোস্ট শেয়ার করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছাবে। তারা এই ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রমাণ তুলে ধরবেন এবং বঙ্গভবনের মতো স্পর্শকাতর স্থানের ই-মেইল কীভাবে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত হলো, তার সুষ্ঠু তদন্ত দাবি করবেন।

লামিয়া আক্তার