জামায়াতে ইসলামী ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘তারা নির্বাচন কমিশন থেকে তাদের পালিত ও অনুগত প্রশাসনের সহায়তায় মুদ্রিত ব্যালট পেপারের ধরন ও সিরিয়াল নম্বর সহ ভিন্ন ভিন্ন প্রার্থী ও প্রতীকের নাম জেনে একই রকম মুদ্রিত ব্যালট পেপার নিজেদের প্রেসে ছাপিয়েছে। এবং সেসব ব্যালট পেপার ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। যেমন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় ডাকসু নির্বাচনে নীলক্ষেত থেকে হুবহু ব্যালট পেপার ছাপিয়েছিল।’
যুবদল নেতা লেখেন, ‘আরও উদ্বেগজনক তথ্য হলো- আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হবে এবং ফজরের নামাজের পরপর একজন পাঁচটা করে সিল মারা ব্যালট পেপার নারীরা গোপনে বোরকার মধ্যে লুকিয়ে, পুরুষেরা প্যান্টের পকেটে ভরে ভোটের লাইনে দাঁড়িয়ে দ্রুত গিয়ে ব্যালট বাক্স ভরবে। মানে একজন বিশটা করে ভোট দিলে পাঁচ জনের ভোট হবে একশো। এভাবে দুপুর পর্যন্ত ভোট দিবে। দুপুরের পর থেকে তাদের ক্যাডাররা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করবে। যেন অন্য কেউ ভোট দিতে না পারে, সাধারণ মানুষ যেন ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে না আসে।’
নয়ন আরও লেখেন, ‘তাছাড়া আপনারাও জানেন, এর আগে পত্রিকার খবরে এসেছিল, প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছিল। এ ছাড়া তাদের নারী সংস্থার কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে আমাদের নিরীহ মা-বোন, যারা ভোটার, তাদের এনআইডি নম্বর নিচ্ছে, তাদের ফোন নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে। এগুলো সবই ষড়যন্ত্রের অংশ। সুতরাং আমাদের অবশ্যই সজাগ হতে হবে, সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে।
-সাইমুন










