ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে শুরু ইনোভেশন এক্সপো-২০২৬

ছবি: সংগৃহীত

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর যাত্রা শুরু হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই এক্সপোর আয়োজন করেছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ প্রতিপাদ্যে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

চারদিনের এই এক্সপোতে ডিজিটাল রূপান্তর, স্টার্টআপ ইকোসিস্টেম, বৈশ্বিক বিনিয়োগ, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস, ডিপ-টেক ভ্যালু চেইন, উৎপাদন ও রপ্তানি ভিশন, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এক্সপোতে অংশগ্রহণের জন্য অনলাইনে ও সরাসরি নিবন্ধনের মাধ্যমে সবার জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো ভেন্যুতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী প্রযুক্তি ও ধারণা উপস্থাপনের মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিতে এই এক্সপো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: টেকজুম

সাবরিনা রিমি/