উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দিকে নতুন করে আরেকটি মার্কিন সামরিক বহর বা ‘আর্মাডা’ অগ্রসর হচ্ছে বলে স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ইরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাবে। সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় এক জনসভায় ট্রাম্প বলেন, “আরেকটি দারুণ আর্মাডা এখন সুন্দরভাবে ইরানের দিকে এগোচ্ছে। দেখা যাক কী হয়। আমি আশা করি তারা একটি চুক্তি করবে। প্রথমবারেই তাদের চুক্তি করা উচিত ছিল, তাহলে আজ তাদের একটি দেশ থাকত।”
এর আগের দিন ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড।
তবে ট্রাম্প যে নতুন ‘আর্মাডা’র কথা বলেছেন, সেটি ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ নাকি অন্য কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ—তা এখনো পরিষ্কার নয়।
এর আগে বড় নৌবহর পাঠানোর পর ইরান পরিস্থিতি এখনো ‘অনিশ্চিত পর্যায়ে’ রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে তেহরান সমঝোতায় আগ্রহী বলেও তিনি মনে করেন। ট্রাম্পের একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের কাছাকাছি আমাদের একটি বিশাল নৌবহর রয়েছে। এটি ভেনেজুয়েলার চেয়েও বড়। তারা একটি চুক্তি করতে চায়—আমি তা জানি। তারা বহুবার ফোন করেছে, তারা কথা বলতে চায়।”
এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান কিংবা কূটনৈতিক নীতিতে কোনো পরিবর্তন আনবে না।










