মার্কিন মধ্যস্থতায় প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতে কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা শুরু হলেও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার দেশটির একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে হতাহতের পাশাপাশি লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলমান বোমাবর্ষণ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের একটি বগিতে ড্রোন আঘাত হানে। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী নিহত হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো।
এ ঘটনায় এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘বেসামরিক নাগরিক বহনকারী ট্রেনের একটি বগিতে হামলার কোনো সামরিক যুক্তি নেই এবং এমন কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’
সূত্র: ফ্রান্স ২৪।










