ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই নতুন পারমাণবিক কর্মপরিকল্পনার ইঙ্গিত কিমের

উত্তর কোরিয়া শিগগিরই তাদের পরবর্তী ধাপের পারমাণবিক কর্মপরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেন, আসন্ন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করার একটি নতুন রোডম্যাপ উপস্থাপন করা হবে।

মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধানকালে কিম জং উন এ মন্তব্য করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কিম জানান—এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো দেশের পারমাণবিক প্রতিরোধ শক্তিকে আরও সুদৃঢ় করা। তিনি দাবি করেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলাফল শত্রুদের ওপর ‘মানসিকভাবে বড় ধরনের চাপ’ সৃষ্টি করবে।

ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জং উন নিজে উপস্থিত ছিলেন। তার সঙ্গে শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা ছাড়াও তার কন্যাও সেখানে ছিলেন। পরীক্ষায় একটি বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার থেকে একযোগে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিম জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫৮ কিলোমিটার দূরের সাগর এলাকায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

জাপানের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের দিকে ছোড়া হয়। এর মধ্যে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পতিত হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আসন্ন দলীয় কংগ্রেসে কিম জং উন ঘোষণা দিতে পারেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আফরিনা সুলতানা/