ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির বরাতে জানা গেছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার, উড়োজাহাজটির দুই পাইলটসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

খবরে বলা হয়, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরে নামার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অজিত পাওয়ার যে উড়োজাহাজে ছিলেন, সেটি ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট-৪৫ মডেলের একটি বিজনেস জেট।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সঙ্গে সেখানে আগুন জ্বলতে ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে বারামতির ওই এলাকায় দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিশিখা ও চারদিকে কালো ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের পাশের একটি খোলা মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, উড়োজাহাজটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে রয়েছে।

অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয় এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আফরিনা সুলতানা/