যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের সংস্কারকাজ শুরু করেছেন, যার পেছনে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে বলে জানা গেছে। এই সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে তিনি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের হোয়াইট হাউসের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান।
সংস্কারাধীন এলাকাগুলো দেখানোর সময় ট্রাম্প সাংবাদিকদের নিয়ে যান ওভাল অফিসের পাশের একটি ছোট কক্ষে। বর্তমানে এই কক্ষটি প্রেসিডেন্টের উপহার সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। অতীতে এটি সাবেক প্রেসিডেন্টদের ব্যক্তিগত অধ্যয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো।
তবে কক্ষটি সবচেয়ে বেশি আলোচনায় আসে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামলে। সেই সময় হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কর্মরত মনিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের আলোচিত ঘটনার পর কক্ষটি বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। ওই প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প কক্ষটিকে ‘মনিকা কক্ষ’ বলে উল্লেখ করেন।
মনিকা লিউনস্কি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। তাঁদের মধ্যকার সম্পর্ক প্রকাশ্যে আসার পর ক্লিনটনের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ ওঠে এবং তাঁকে অভিশংসনের মুখে পড়তে হয়। যদিও শেষ পর্যন্ত তিনি পদে বহাল থেকে দুই মেয়াদ পূর্ণ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নিউইয়র্ক টাইমস
আফরিনা সুলতানা/










