চীনা গ্রাহকদের কাছে এখনো Nvidia–এর অত্যাধুনিক এইচ২০০ (H200) কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ সরবরাহ করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।
মার্কিন বাণিজ্য দপ্তরের রপ্তানি প্রয়োগবিষয়ক সহকারী সচিব ডেভিড পিটার্স কংগ্রেসের এক শুনানিতে বলেন, “এ পর্যন্ত কোনো এইচ২০০ চিপ চীনে বিক্রি হয়নি।” বিষয়টি তিনি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে জানান।
গত মাসে প্রেসিডেন্ট Donald Trump–এর প্রশাসন নির্দিষ্ট শর্তসাপেক্ষে চীনে এইচ২০০ চিপ বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। তবে এ সিদ্ধান্তে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কিছু আইনপ্রণেতা ও সাবেক কর্মকর্তারা আপত্তি জানান।
হোয়াইট হাউসের এআই নীতিনির্ধারণে যুক্ত কর্মকর্তা ডেভিড স্যাক্সের নেতৃত্বাধীন প্রশাসন যুক্তি দেয়, চীনে উন্নত এআই চিপ সরবরাহ করলে সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় থাকা Huawei নিজস্ব চিপ উন্নয়নে আরও দ্রুত অগ্রসর হওয়ার প্রবণতা কমতে পারে। একই সঙ্গে Advanced Micro Devices (এএমডি)–র মতো মার্কিন চিপ নির্মাতাদের সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে বলে তাদের দাবি।
তবে ‘চায়না হক’ হিসেবে পরিচিত সমালোচকদের আশঙ্কা, এসব চিপ বাণিজ্যিক ব্যবহারের বাইরে সামরিক কাজে সরিয়ে নেওয়া হতে পারে, যা কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য ঝুঁকি তৈরি করবে।
এদিকে শুনানিতে চিপ চোরাচালান নিয়েও প্রশ্ন ওঠে। এক প্রশ্নের জবাবে পিটার্স স্বীকার করেন, চীনে চিপ পাচার হচ্ছে এবং তা রোধে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, চীনা এআই স্টার্টআপ ডিপসিক উন্নত এনভিডিয়া চিপ ব্যবহার করে তাদের সর্বশেষ মডেল প্রশিক্ষণ দিয়েছে, যা মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ নীতির লঙ্ঘন হতে পারে।
বর্তমানে নির্ধারিত নিরাপত্তা শর্ত ও প্রক্রিয়াগত বাধার কারণে চীনে এইচ২০০ চিপ সরবরাহ কার্যত স্থগিত রয়েছে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










