আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো আইনি বাধা রইল না।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করলে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ রাজনীতিক ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্ত বাতিল করে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে শুরু থেকেই নানা নাটকীয়তা চলছিল। এর আগে অন্য এক প্রার্থীর প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত আদালতের রায়ে ২০০৮ সালের সাবেক প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনী লড়াইয়ে ফেরার সুযোগ পেলেন। তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।