পরিবারের সদস্যদের নিয়ে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

পরিবারের সদস্যদের নিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করলেন তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে যান।

এসময় বিএনপি চেয়ারম্যানের সাথে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, মরহুম কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানও ছিলেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সাথে গ্রেপ্তার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি।

এরপর চিকিৎসা শেষে মালয়েশিয়া চলে যান কোকো। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বাস করছিলেন। তিনি স্ত্রী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন। কোকো মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি দিয়েছে বিএনপি।

-মেহেরীন//