“আমার ধারণা, সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ সিদ্ধান্ত নিবে” : আকাশ চোপড়া

বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজ নিজ অবস্থানে অনড় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানালেও আইসিসির সোজাসাপ্টা বার্তা—ভারতে খেলতে না চাইলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে অন্তর্ভুক্ত করা হবে।

এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের হাতে সময় আছে শুধু আজ বৃহস্পতিবার পর্যন্ত।

উদ্ভূত সংকট নিয়ে আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের। বৈঠকে ভারতে গিয়ে খেলা কিংবা না খেলার সিদ্ধান্তসহ বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে বুধবার রাতে বিসিবি সভাপতিসহ সংশ্লিষ্ট কয়েকজন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতায় এবার মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর মতে, নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই বিসিবি বিশ্বকাপে অংশ নিতে সম্মত হবে। এর পেছনে বড় ধরনের আর্থিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে মনে করেন তিনি।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “বাংলাদেশের হাতে এখন মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছে, সেখানে কোনো ঝুঁকি নেই। এই অবস্থায় বাংলাদেশ না এলে তাদের জায়গায় অন্য দল নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। “যে স্কটল্যান্ড ইতালির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল, সেই দলটির জন্য হঠাৎ করেই সুযোগ তৈরি হতে পারে,” যোগ করেন তিনি।

বাংলাদেশ শেষ পর্যন্ত কেন খেলতে যাবে—এর ব্যাখ্যায় আকাশ চোপড়া আর্থিক দিকটি তুলে ধরেন। তাঁর ভাষায়, “এখানে বড় অঙ্কের অর্থ জড়িত। আইসিসির আয়ের একটি বড় অংশ সদস্য দেশগুলোর মধ্যে বণ্টন করা হয়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। শেষ মুহূর্তে সরে দাঁড়ালে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, যার দায়ভার পুরোপুরি বাংলাদেশের ওপরই পড়বে।”

সব দিক বিবেচনায় আকাশ চোপড়ার বিশ্বাস, বাস্তবতা মাথায় রেখে বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি বলেন, “আমার ধারণা, সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ জানিয়ে দেবে যে তারা বিশ্বকাপে অংশ নিতে আসছে।”

-এমইউএম