আবারো সংঘর্ষ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের

পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সায়েন্সল্যাব এলাকায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গুরুত্বপূর্ণ মিরপুর সড়ক।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘাতের ফলে মিরপুর রোডের নিউমার্কেট ও গ্রিনরোড অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার কলেজ ছুটির পর ঢাকা কলেজের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের ছাত্ররা মারধর করে। আজ সকালে ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে উপস্থিত হলে সহপাঠীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থানরত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

নিউমার্কেট জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

মালিহা