দীর্ঘ দুই দশক পর স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান।
এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান।
পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। সকালে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
-সাইমুন










