বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেটে পা রাখছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে দলের সর্বোচ্চ নেতৃত্বে তাঁর প্রথম নির্বাচনী সফর শুরু হচ্ছে এই চা-রাজধানী সিলেট থেকে।
গত ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে এক বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভায় তারেক রহমান বলেছিলেন, ‘আমিও হাফ সিলেটি’। এই একটি বাক্যেই সিলেটবাসীর হৃদয় জয় করে নিয়েছেন তিনি। কারণ তাঁর সহধর্মিণী বিশ্বখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার মেয়ে।
সিলেটের ঐতিহ্য অনুযায়ী জামাই মানে ‘দামান্দ’- যাকে আদর করতে, সম্মান করতে এ অঞ্চলের মানুষ ভালোবাসেন। দামান্দ এলে ঘরে ঘরে খুরমা-পোলাওয়ের আয়োজন, আত্মীয়-স্বজনদের মধ্যে আবেগ আর উৎসাহের ঢেউ খেলে যায়।
তারেক রহমানের এবারের সফর রাজনৈতিক হলেও ‘দামান্দ’র আগমন ঘিরে সিলেটজুড়ে চলছে সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নগরী। বিএনপির পক্ষ থেকে আজকের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে ডা. জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ি (তারেক রহমানের শ্বশুরবাড়ি) পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও সিলেট-৩ আসনের মনোনীত প্রার্থী এম এ মালিক।
পরিদর্শন শেষে তিনি বলেন, বিশ্বখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান দীর্ঘদিন পর তাঁর পৈতৃক বাড়িতে আসছেন এটি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। এতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ পুরো সিলেটে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর পূণ্যভূমিতে আসছেন ও বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। এই দিন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটবাসী অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন সিলেট থেকে। সিলেটের শাহজালাল মাজার ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এই দিন সিলেট নগরীতে তিল ধারনের ঠাঁই থাকবে না। পুরো নগরী লোকে লোকারণ্য হয়ে যাবে। তাই আগামী ২২ জানুয়ারী ইতিহাসের স্বাক্ষী হতে সিলেটবাসীর প্রতি আহবান জানাই।
তিনি বলেন, সিলেটবাসীর জন্য এটি একটি সুখবর। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সিলেট থেকে প্রচারণা শুরু করতেন। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে শুরু করবেন। সিলেটের মানুষ ২১ তারিখ রাত থেকেই আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে শুরু করবেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান নন, তিনি সিলেটবাসীর আপনজন। তাঁকে বরণ করতে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁর জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে।
বুধবার সকালে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করবেন। এরপর সকাল ১০টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এতে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এই জনসভায়।
তারেক রহমানের সফর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জনসভাস্থল ও সফরসূচির প্রতিটি ভেন্যুতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা ব্যবস্থায় থাকবে: রুট প্রটেকশন, চেকপোস্ট, মেটাল ডিটেক্টর, সিসিটিভি নজরদারি ও বিশেষ ট্রাফিক ব্যবস্থা।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আলীয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। লিফলেট বিতরণ, গণসংযোগ, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।
জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয়।
ছাত্রদলের এক কর্মী বলেন, আমরার আনন্দের আর সীমা নাই সিলেট আইরা দুলাভাই” আমরা সিলেটি আমরার দুলা ভাই আইরা আমরা কি ভাগ্য সিলটিরা বরণ করিয়া নিব আলিয়ার মাঠে।
রিকশা চালক জমির আলী বলেন, সিলেটে খালেদা জিয়া ও আইতা নির্বাচন ওর কাম ওখান থাকি শুরু ওইত। এখন তারেক রহমান আইরা আমরা খুশি। সিলেট ওর লাগি কিচ্ছু করিয়া যাইবা।
প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সিলেট আগমন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৫ সালের ২৬ ডিসেম্বর তিনি সর্বশেষ সিলেটে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ তিনি ফিরছেন দলের সর্বোচ্চ নেতৃত্বে। দলীয় নেতাদের মতে, সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী যাত্রা—যা আগামী দিনের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে।
আহমেদ পাবেল, সিলেট










