দীর্ঘদিনের পতন কাটিয়ে দেশের পুঁজিবাজার আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। টানা সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণও বাড়ছে। লেনদেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ইতিবাচক মনোভাব ফিরে এসেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়। আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে মোট লেনদেনও বৃদ্ধি পেয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর ঊর্ধ্বমুখী ছিল।
ডিএসই সূত্র জানায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৮ পয়েন্টে। এর আগে টানা দুই কার্যদিবসে সূচকটি বেড়েছিল ১৩২ পয়েন্ট। ফলে তিন কার্যদিবস মিলিয়ে প্রধান সূচক বেড়েছে মোট ১৪৯ পয়েন্ট। অন্যান্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০ পয়েন্টে। আর বাছাই করা শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনেও আগের দিনের তুলনায় উন্নতি লক্ষ্য করা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে ২১০টি কোম্পানি ও ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ১০৯টি কোম্পানি ও ফান্ডের দর কমেছে। আর ৬৯টি কোম্পানি ও ফান্ডের দর দিনশেষে অপরিবর্তিত ছিল।
ক্যাটেগরি অনুযায়ী দেখা যায়, ‘এ’ ক্যাটেগরির ২০৪টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে এবং ৪৪টির দর কমেছে। দিনশেষে ২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। একই সময়ে ‘বি’ ক্যাটেগরির ৭৯টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৩৩টির দর বেড়েছে এবং ২৯টির দর কমেছে। অপরিবর্তিত ছিল ১৭টির দর। এছাড়া ‘জেড’ ক্যাটেগরির ১০৫টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৪৬টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল।
মিউচুয়াল ফান্ড খাতেও ইতিবাচক চিত্র দেখা গেছে। লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ১৫টির ইউনিট দর বেড়েছে। বিপরীতে ছয়টি ফান্ডের দর কমেছে। দিনশেষে ১৩টি ফান্ডের ইউনিট দর অপরিবর্তিত ছিল।
এদিন ডিএসইতে মোট ২০ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ১৮২টি শেয়ার ও ইউনিট এক লাখ ৯০ হাজার ৭৪৩ বার লেনদেন হয়েছে। এর ফলে দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা।
লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ১৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭৯ লাখ টাকা। আর ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
-আফরিনা সুলতানা/










