বার্সেলোনার কাছে স্পেনের গেলিদা এলাকায় মঙ্গলবার একটি কমিউটার যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হয়েছেন এবং ৩৭ জন আহত হয়েছেন বলে কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটলো স্পেনে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনার মাত্র দুই দিন পর। ওই ঘটনায় দক্ষিণের কর্দোভা প্রদেশের আদামুজের কাছে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৪১ জন নিহত হন।
মঙ্গলবারের দুর্ঘটনাটি ঘটে আর৪ (R4) লাইনের একটি কমিউটার ট্রেনে, যা প্রতিদিন হাজারো যাত্রী ব্যবহার করেন। ট্রেনটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে গেলিদা ও সান্ত সাদুর্নি দ’আনোইয়ার মধ্যবর্তী পথে চলাচল করছিল।
কাতালুনিয়ার সিভিল প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে একটি রিটেইনিং ওয়াল (ধারণকারী দেয়াল) রেললাইনের ওপর ভেঙে পড়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেন অপারেটরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে (ইস্টার্ন টাইম বিকেল ৪টা) এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ঘটনায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ২৮টি কল পায়। ঘটনাস্থলে মেডিক্যাল ইমার্জেন্সি সিস্টেম (এসইএম) থেকে ২০টি অ্যাম্বুলেন্স এবং আঞ্চলিক ফায়ার সার্ভিসের ৩৮টি ইউনিট পাঠানো হয়।
কাতালুনিয়ার আঞ্চলিক ফায়ার বিভাগ জানায়, তারা একটি নিরাপত্তা এলাকা তৈরি করে দেয়াল ও ট্রেনকে স্থিতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আহতদের তথাকথিত ‘হট জোন’ এলাকা থেকে সরিয়ে এনে স্থানীয় জরুরি সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ট্রেনের ভেতরে আটকে পড়া একজন যাত্রীকে বিশেষভাবে উদ্ধার করতে হয়েছে।
কাতালুনিয়া আঞ্চলিক ফায়ার বিভাগের ইন্সপেক্টর ক্লাউডি গালার্দো দুর্ঘটনাস্থল থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, চারজন গুরুতর আহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। তিনি জানান, ট্রেন থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিভিন্ন মাত্রার আঘাত নিয়ে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন। ট্রেনের চালককে উদ্ধারকারীরা সহায়তা দিলেও পরে তিনি মারা যান।
দুর্ঘটনাস্থলে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রী নুরিয়া পার্লোন এবং ভূখণ্ডবিষয়ক মন্ত্রী সিলভিয়া প্যানেক।
সূত্র: সিএনএন
সাবরিনা রিমি/










