প্যালেস্টাইনের পক্ষে স্টিকার লাগানোয় রাজস্থানে দুই ব্রিটিশ পর্যটকের ভিসা বাতিল

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে জনসমাগমস্থলে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের আওতায় তাদের পর্যটক ভিসা বাতিল করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. ও তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, তারা আজমিরের বিভিন্ন জনবহুল এলাকায় ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের মাধ্যমে বিষয়টি যাচাই করে তাদের শনাক্ত করা হয়।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পর্যটক ভিসায় অবস্থান করেও তারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা ভিসার শর্তের স্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো অপসারণ করা হয়। আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কার্যক্রমে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

আফরিনা সুলতানা/