যে কারণে ৩,৫০০ প্রবাসীকে বহিষ্কার করল কুয়েত

রেসিডেন্সি ও শ্রম আইন না মানার কারণে গত মাসে প্রায় ৩,৫০০ প্রবাসীকে বহিষ্কার করেছে কুয়েত। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে এপি। তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করে বলা হয়নি।

গালফ নিউজ বলেছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশে সমন্বিত অভিযানের মাধ্যমে এসব বহিষ্কার কার্যক্রম চালানো হয়। প্রবাসীদের লক্ষ্য করে রেসিডেন্সি ও শ্রম আইন কার্যকর করতে নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে অবৈধভাবে কর্মরত শ্রমিক, পলাতক এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরা রয়েছেন। যারা ইমিগ্রেশন বিধিমালা ভঙ্গ করেছিলেন।

এই পরিসংখ্যান এসেছে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে হাজার হাজার বিদেশি নাগরিককে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এসব অভিযান আইনের শাসন নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।

কুয়েত জানিয়েছে, এসব ব্যবস্থা কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ—যার লক্ষ্য শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ইমিগ্রেশন আইন মেনে চলা নিশ্চিত করা। তারা উল্লেখ করেন, আগের বছরগুলোতেও একই ধরনের বড় আকারের অভিযানে কয়েক দশ হাজার প্রবাসীকে বহিষ্কার করা হয়েছিল।

-সাইমুন