নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নিলুফা ইয়াছমিন নিলু বাদী হয়ে গত সোমবার (১৯ জানুয়ারি) ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২০(১)২৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারিদের গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
অভিযুক্তরা হলো ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার অনুসারী বন্দর থানার নবীগঞ্জ কবিলের মোড় এলাকার মৃত আমান সরদারের দুই ছেলে শাহীন আহম্মেদ সৌরভ (৩৮) ও রাজিব (৪৫) ও একই থানার ২৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোর্শেদ (৩৮)। আহত শাহীন আহাম্মেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার মৃত এ টি এম রুহুল আমিন মিয়ার ছেলে। এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দর থানার কবিলের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
মামলার বাদিনী নিলুফা ইয়াছমিন নিলু বলেন, অভিযুক্তরা আমাদের পূর্ব পরিচিত। গত রোববার দুপুর দুইটায় আমার ছেলে শাহীন আহম্মেদ পরাগ (৩৮) বন্দর সাব রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রয়ের নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। ওই সময় সে নবীগঞ্জ কবিলের মোড় পাঁকা রাস্তার উপর পৌঁছলে অভিযুক্তরা ছাড়াও অজ্ঞাত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরাগের পথরোধ করে ও মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং অভিযুক্ত সৌরভ ভুক্তভোগী পরাগের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করার হমকি দেয়। একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচনে কাজ করলে হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয় তারা। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘টাকা ছিনিয়ে নেয়া ও মারধরের বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে’।
মাহমুদ কাওসার, নারায়ণগঞ্জ (বন্দর)।










