২০০১ সালে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বিয়ে হয়। চলতি বছর তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা জুটি। কিছুদিন আগেই সেই আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তারা, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে ছিল।
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনাটি গুরুতর হলেও স্বস্তির বিষয় হলো, এতে কোনো প্রাণহানি ঘটেনি। বরং এই ঘটনার পর অক্ষয় কুমারের মানবিক ও সাহসী ভূমিকা তাঁকে বাস্তব জীবনের ‘হিরো’ হিসেবেই তুলে ধরেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরেন এই তারকা দম্পতি। বিমানবন্দর থেকে জুহু এলাকার বাসভবনের পথে যাওয়ার সময় হঠাৎ করেই একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি অটোরিকশাকে। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি ছিটকে গিয়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে আঘাত করে এবং পরে সেই এসকর্ট গাড়িটি অভিনেতার বিলাসবহুল গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের দ্বিধা না করে তিনি ও তাঁর নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশার ভেতরে আটকে পড়া এক ব্যক্তিকে কয়েকজন মিলে টেনে বের করে আনছেন। ভিডিওতে উদ্ধারকাজের তৎপরতা স্পষ্টভাবে ধরা পড়ে, যা মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। আহতদের চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা ব্যক্তিগতভাবে তদারক করেন অক্ষয় কুমার। ঘটনাস্থলে মহারাষ্ট্র দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক বিশ্বাস নাংরে পাটিল উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
বিথী রানী মণ্ডল/










