মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক :

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী মেহেদী আলম রুমান। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তাঁর মা রুবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মেহেদী আলম রুমান জানান, তিনি একজন ছাত্র এবং বর্তমানে এমএসসি পর্যায়ে ভর্তি প্রক্রিয়াধীন। তিনি ঢাকার পল্টন এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন। মাঝে মধ্যে মামাবাড়ির সূত্রে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামে যাতায়াত করতেন। সেই সূত্রে মারিয়া আক্তার জিম নামের এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হলেও তাদের মধ্যে কখনো কোনো প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি।

মেহেদী আলম রুমান অভিযোগ করে বলেন, মারিয়া আক্তার জিম সম্প্রতি মুক্তাগাছা থানায় তাঁকে ও তাঁর বাবাকে জড়িয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কাবিননামা অনুযায়ী তাঁদের বিয়ে হয়েছিল, পরে গর্ভপাত করানো হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমি ওই তরুণীকে কখনো বিয়ে করিনি, সংসার করিনি এবং গর্ভপাতের কোনো ঘটনাও ঘটেনি। অভিযোগে যে মোবাইল নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে, সেটি আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নয়।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৬ জানুয়ারি কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও প্রচার করে তাঁকে ও তাঁর পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এতে সামাজিক ও পারিবারিকভাবে তাঁরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

মেহেদী আলম রুমান বলেন, “আমাকে ব্ল্যাকমেইল করা এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি মিথ্যা অভিযোগকারী ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।