ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এটিই ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের তৃতীয় মৃত্যু। এর আগে গত ১৯ জানুয়ারি একজন মারা গিয়েছিল।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে শুরু থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ০২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ১১৩ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। চলতি বছরে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৫৬ জন।
 বায়েজীদ