রাশিয়ায় কর্মরত ৩৫ জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফিরে আসা কর্মীদের অভিযোগ, কোনো সুস্পষ্ট কারণ না জানিয়েই সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরি বাতিল করে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বেসরকারি উন্নয়ন সংস্থার প্রবাসী সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা শরিফুল হাসান জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংস্থার যৌথ উদ্যোগে ফেরত আসা কর্মীদের বিমানবন্দরে পরিবহনসহ প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
ফিরে আসা কর্মীদের মধ্যে গাইবান্ধার মশিয়ুর রহমান, মানিকগঞ্জের আসমত আলী, ময়মনসিংহের হাইয়ুল মিয়া, সিরাজগঞ্জের আজাদুল হক, ঢাকার প্রসেনজিৎ রাজবংশী এবং চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুল্লাহসহ আরও অনেকে জানান, বিদেশে কাজ দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
কর্মীদের ভাষ্য অনুযায়ী, কোনো নির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরি বাতিল করে ফেরত পাঠিয়েছে। জানা গেছে, ধাপে ধাপে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে প্রথম দফায় এই ৩৫ জন কর্মী দেশে ফিরেছেন।
-আফরিনা সুলতানা/










